×
×
Friday, 24 July, 2026, 9:25 pm


দিল্লির যন্তর মন্তরে তারকাদের পদচারণা: শিক্ষার্থীদের পাশে বলিউড

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানাতে গভীর রাতে আন্দোলনস্থলে হুমা কুরেশি, মুম্বাইয়ে ইমরান খানসহ একঝাঁক তারকা

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলন যেন এখন বলিউডের তারকাদের পদচারণায় নতুন মাত্রা পাচ্ছে। নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দীর্ঘদিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে একে একে যোগ দিচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখরা। রাতের অন্ধকার, বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ কোনোকিছুই যেন তাদের থামাতে পারছে না।

গভীর রাতে যন্তর মন্তরে হুমা-সাকিব

গতকাল বুধবার গভীর রাতে দিল্লির যন্তর মন্তরে হাজির হন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও তাঁর ভাই প্রযোজক-অভিনেতা সাকিব সালিম। কালো টি-শার্ট ও জিনস পরিহিতা হুমা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন, পাশে ছিলেন সাদা টি-শার্ট ও ধূসর জিনস পরা সাকিব। তাঁদের উপস্থিতির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বুধবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে যন্তর মন্তরে জড়ো হন হাজার হাজার ছাত্রছাত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় তাঁরা। গত কয়েক দিন ধরে এই আন্দোলন ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সালমান খানের সমর্থন বার্তা

এর আগে সালমান খান ইনস্টাগ্রামে শিক্ষার্থীদের সমর্থনে একটি পোস্ট দেন। ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, “শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করি। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে চলা এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।”

সালমান আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস ‘অত্যন্ত গুরুতর সমস্যা’ এবং আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অভিভাবকদের ধন্যবাদ দেন যারা সন্তানদের পাশে রয়েছেন।

মুম্বাইয়ের রাস্তায় ইমরান খান

শুধু দিল্লি নয়, মুম্বাইয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দেখা গেল বলিউড অভিনেতা ইমরান খানকে। গতকাল বৃষ্টির মধ্যেই শত শত শিক্ষার্থীর সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি শিক্ষার্থীদের সঙ্গে হাঁটছেন, ফিস্ট বাম্প দিচ্ছেন, আবার ভক্তদের সঙ্গে সেলফিও তুলছেন।

এক স্বাধীন সাংবাদিককে ইমরান বলেন, “যেসব শিক্ষার্থী কঠোর পরিশ্রম করেছে কিন্তু সেই পরিশ্রমকে মূল্যহীন করে দেওয়া হয়েছে, তাদের প্রতি সমর্থন জানাতেই আমি এখানে এসেছি। এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটি লড়াই।”

এর আগের দিন দিল্লির যন্তর মন্তরে পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের ঘটনার তীব্র সমালোচনা করে ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “আজ আমার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেছে। যারা কঠোর পরিশ্রম করেছে তাদের উপর পুলিশকে লাঠিপেটা করতে দেখে আমি হতবাক।”

তারকাদের সারি দীর্ঘ হচ্ছে

চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন আরও অনেক তারকা। অভিনেত্রী শাবানা আজমি, জিনাত আমান, রত্না পাঠক শাহ, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, নির্মাতা অনুরাগ কশ্যপ, অভয় দেওল ও ওমি বৈদ্য সকলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

মালয়ালম সুপারস্টার দুলকার সালমান ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “শিক্ষা মানে শুধু পরীক্ষা নয়, বরং আশা, সুযোগ এবং একটি সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি। সেই ভবিষ্যৎ নিয়ে তরুণদের অনিশ্চয়তার মুখে পড়তে দেখা হৃদয়বিদারক।”

নির্মাতা ইমতিয়াজ আলী আন্দোলনের একটি ছবি শেয়ার করে লেখেন, “আমাদের ভবিষ্যতের জন্য যা করতে হবে, তা হলো তার কথা শোনা।”

অভিনেত্রী অদিতি রাও হায়দারি স্পষ্ট জানান, তিনি কোনো অভিনেত্রী হিসেবে নয়, “একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক” হিসেবে কথা বলছেন। তাঁর ভাষায়, “কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, এটি মানবিক দায়িত্ব।”

অভিনেত্রী পূজা ভাট এক্সে (সাবেক টুইটার) প্রশ্ন তোলেন, “শিক্ষার্থীদের দাবির জবাব বলপ্রয়োগে নয়, সংলাপের মাধ্যমে দিতে হবে।”

গায়ক অরিজিৎ সিং, গায়ক-গীতিকার অনুভ জৈনও ইনস্টাগ্রামে শিক্ষার্থীদের সমর্থনে পোস্ট দিয়েছেন। অভিনেত্রী আয়েশা খান দাবি করেন, মুম্বাইয়ের বিক্ষোভে অংশ নিতে গেলে তাঁকে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল।

অনুপম খেরের সতর্কবার্তা

অভিনেতা অনুপম খের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সতর্ক করেন, আন্দোলন যেন ‘রাজনৈতিক সুযোগসন্ধানীদের’ হাতিয়ার না হয়। তিনি বলেন, “শিক্ষার্থীদের উদ্বেগ অবশ্যই শোনা উচিত, তবে তাঁদের নিজেদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়।”

পরিস্থিতি কী বলছে

সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে নিট-সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ চরম আকার ধারণ করেছে। শিক্ষার্থীদের দাবি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা, দোষীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে বহু শিক্ষার্থী আহত হয়েছেন।

বলিউডের এই তারকারা যদিও সরাসরি কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছেন না, তবে শিক্ষার্থীদের প্রতি তাঁদের এই সমর্থন আন্দোলনকে নতুন প্রাণশক্তি দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, এই তারকা সমর্থন কতটা গভীর প্রভাব ফেলে এবং সরকার কীভাবে শিক্ষার্থীদের দাবির জবাব দেয়।

আরও