×
×
Friday, 24 July, 2026, 10:28 pm


গরমে সুস্থ থাকতে শুধু পানি নয়, জরুরি সঠিক খাদ্যাভ্যাসও

প্রচণ্ড দাবদাহে শরীর আর্দ্র রাখতে পানির পাশাপাশি পানিসমৃদ্ধ ফল-সবজি খাওয়া জরুরি, বাড়তি প্রোটিন নয় বলছেন বিশেষজ্ঞরা

প্রচণ্ড গরমে যখন থার্মোমিটারের পারদ ঊর্ধ্বমুখী, তখন অনেকেরই ক্ষুধামন্দা দেখা দেয়। ভারী খাবার তো দূরের কথা, হালকা কিছু খেতেও প্রায়ই অনীহা কাজ করে। অন্যদিকে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পানি ও খনিজ লবণ। এই পরিস্থিতিতে কেউ কেউ শুধু পানির ওপর ভরসা রাখেন, আবার কেউ কেউ মনে করেন বেশি প্রোটিন খেলে শরীরে শক্তি ফিরে আসবে। কিন্তু আসলেই কী গরমে শুধু পানি যথেষ্ট? নাকি প্রোটিনই উত্তম? চলুন জেনে নিই বিশেষজ্ঞদের পরামর্শ।

শুধু পানি নয়, পানিসমৃদ্ধ খাবারও জরুরি

প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। তাই শরীরে পানির ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি, নইলে ডিহাইড্রেশন (পানিশূন্যতা) দেখা দিতে পারে। সাধারণভাবে দিনে ৬ থেকে ৮ গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেয় যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস)। তবে গরমকালে এই চাহিদা আরও বেড়ে যায়।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞানী ড. শার্লট মিলস বলেন, “প্রতিটি মানুষের পানির চাহিদা আলাদা। এটি বয়স, শারীরিক গঠন, কাজের ধরন ও স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করে।”

শুধু পানি খেলেই কিন্তু কাজ হয় না। যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ড. আইসলিং ডেলি পরামর্শ দেন, “পানির পাশাপাশি পানিসমৃদ্ধ খাবারও খেতে হবে।” কারণ অধিকাংশ ফল ও সবজির ৮০ থেকে ৯০ শতাংশই পানি।

পানিসমৃদ্ধ ফল ও সবজির তালিকা:

· ৯০% এর বেশি পানি: শসা, টমেটো, লেটুস, সেলারি, তরমুজ, স্ট্রবেরি
· ৮০-৮৯% পানি: আপেল, গাজর, নাশপাতি, কমলা, আঙুর, আনারস
· অন্যান্য: সেদ্ধ ডিমেও থাকে ৭৫% পানি

শরীরে পর্যাপ্ত পানি আছে কি না, তা বোঝার সহজ উপায় হলো প্রস্রাবের রং দেখা। হালকা হলুদ রং মানে শরীরে পানি স্বাভাবিক, কিন্তু গাঢ় হলুদ, কমলা বা বাদামি রং মানেই সাবধান! এটি পানিশূন্যতার ইঙ্গিত।

গরমে চা-কফি খাবেন নাকি? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা

প্রচণ্ড গরমেও অনেকের দিন শুরু হয় এক কাপ চা অথবা কফি দিয়ে। তবে কি এতে শরীরের ক্ষতি হয়? পুষ্টিবিদ ড. আইসলিং ডেলির মতে, “গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানীয় ঠান্ডা পানির মতোই শরীর ঠান্ডা রাখতে কার্যকর হতে পারে।”

গবেষণায় দেখা গেছে, গরম পানীয় খেলে শরীর দ্রুত ঘামতে শুরু করে, যা ঘামের মাধ্যমে অতিরিক্ত তাপ বের করে দেয়। অন্যদিকে ঠান্ডা পানি খেলে ঘাম কিছুটা ধীরে হয়। কারণ শরীর সব সময় নিজের স্বাভাবিক তাপমাত্রা (৩৭ ডিগ্রি সেলসিয়াস) ধরে রাখতে চেষ্টা করে। তবে এর অর্থ গরম চা শরীর তাৎক্ষণিক ঠান্ডা করে দেয়—এমন নয়। মূল বিষয় হলো শরীরকে পর্যাপ্ত পানি ও তরল দিয়ে আর্দ্র রাখা।

সতর্কতা:

· দিনে ১-২ কাপ কফি বা চা নিরাপদ
· অতিরিক্ত ক্যাফেইন প্রস্রাব বাড়িয়ে পানিশূন্যতা সৃষ্টি করতে পারে
· দুপুরের ভারী খাবার এড়িয়ে হালকা খাবার, ফল বা শরবত খাওয়া ভালো

অতিরিক্ত প্রোটিন নয়, বরং হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন

অনেকের ধারণা, গরমে বেশি প্রোটিন খেলে ক্লান্তি দূর হয়। কিন্তু পুষ্টিবিদরা বলছেন উল্টো কথা। ড. আইসলিং ডেলি স্পষ্ট জানিয়েছেন, “প্রচণ্ড গরমে শরীরের অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয় না।”

কারণ প্রোটিন হজম করতে শরীর তুলনামূলক বেশি শক্তি ব্যয় করে এবং এতে দেহে উৎপন্ন হয় অতিরিক্ত তাপ। তাই গরুর বা খাসির মাংসের বদলে বেছে নিন হালকা প্রোটিন উৎস।

গরমে প্রোটিনের সেরা উৎস:

· ডাল, ছোলা, ডিম
· টক দই, টোফু
· বিভিন্ন বাদাম ও পিনাট বাটার
· সেদ্ধ বা গ্রিল করা মাছ ও মুরগির মাংস

মাছের ক্ষেত্রে রুই, কাতলা বা দেশি ছোট মাছ বেছে নেওয়াই উত্তম। এগুলো তুলনামূলক হালকা ও সহজপাচ্য।

শেষ কথা: গরমে সুস্থ থাকার সহজ টিপস

গরমকালে সুস্থ থাকতে চাইলে মেনে চলুন এই কয়েকটি সহজ নিয়ম

· পর্যাপ্ত পানি পান করুন
· পানিসমৃদ্ধ ফল ও সবজি রাখুন খাদ্যতালিকায়
· অতিরিক্ত প্রোটিন এড়িয়ে চলুন
· হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন
· প্রস্রাবের রং দেখে শরীরের পানির অবস্থা যাচাই করুন
· গরম পানীয় গ্রহণে সতর্ক থাকুন

মূলমন্ত্র হলো শরীর আর্দ্র রাখা, সঠিক খাবার নির্বাচন করা এবং অতিরিক্ত কিছু এড়িয়ে চলা। গরমে সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে আছে এই তিনটি নিয়মেই।

সূত্রঃ বিবিসি

আরও