×
×
Friday, 24 July, 2026, 10:28 pm


যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল রপ্তানি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০০ থেকে ৬০০ কোটি মার্কিন ডলার। তবে সেই যুদ্ধবিরতির মেয়াদ কার্যত শেষ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে পুনরায় ভয়াবহ পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের জেরে ইরানে বিমান হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বেসরকারি সংস্থা ‘ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের’ তথ্যের বরাতে জানিয়েছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালীন ইরানের প্রায় ২০টি তেলবাহী ট্যাংকার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশে রওনা হয়। গত ২২ জুন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফাক) এক নথিতে ইরানের তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও বিক্রির জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছিল। তবে সংঘাতের জেরে গত ৭ জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয় জুনে জারি করা সেই লাইসেন্সটি বাতিল করে দেয়, যা আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল রাখার কথা ছিল।

এদিকে ইরানের সঙ্গে নতুন করে পুরোদমে সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা, রিফুয়েলিং বিমান এবং এফ-১৬ ও স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে যে, জার্মানির স্পাংডাহলেম বিমানঘাঁটি থেকে এফ-১৬ এবং ব্রিটেন থেকে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এসব বিমান প্রয়োজনে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তাকারী রাডার ধ্বংসের বিশেষ মিশনে অংশ নেবে।

যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী তাদের নাগরিকদের জন্য একটি সাধারণ নিরাপত্তা সতর্কতাও প্রকাশ করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং যেকোনো সময় সংঘাতের পরিধি আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে।

আরও