সম্পদের সুষম ব্যয়: কৃপণতা ও অপচয়ের মধ্যে ইসলামী দৃষ্টিভঙ্গি
আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে কৃপণতা এবং অপচয় এই দুই চরমপন্থার মধ্যে সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনে এই বিষয়ে স্পষ্ট ও দিকনির্দেশনামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে, যা একজন মুসলিমের অর্থব্যবস্থার মূল ভিত্তি স্থাপন করে।
আর্থিক সংকট ও অনিশ্চয়তার এই সময়ে সম্পদ ব্যয়ের সঠিক নীতি জানা প্রতিটি মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ। ইসলাম যেমন কৃপণতাকে নিরুৎসাহিত করে, তেমনি অপচয় ও বেহিসেবি খরচকেও কঠোরভাবে নিষিদ্ধ করে। ‘মধ্যপন্থা’ বা ‘সুষম ব্যয়’-এর এই শিক্ষাই পারে একজন মানুষকে আর্থিক ধ্বংস ও সামাজিক নিন্দা থেকে রক্ষা করতে।
কোরআনের নির্দেশনায় সুষম ব্যয়ের মূলমন্ত্র
পবিত্র কোরআনের সুরা বনী ইসরাইলের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন:
“তোমরা নিজেদের হাত গলায় বেঁধে রেখো না (অর্থাৎ কৃপণ হয়ো না) এবং একেবারে খুলেও দিয়ো না (অর্থাৎ অপচয় করো না), ফলে তোমরা নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে থাকবে।”
এই আয়াতে আল্লাহ তাআলা একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে কৃপণতা ও অপচয় এই দুই চরমপন্থা থেকে সতর্ক করেছেন। ‘হাত গলায় বাঁধা’ অর্থ সম্পূর্ণ কৃপণতা এবং ‘হাত পুরোপুরি খুলে দেওয়া’ অর্থ অমিতব্যয়িতা উভয়টিই আর্থিক ধ্বংসের কারণ হতে পারে। একজন ব্যক্তি যদি সম্পূর্ণ কৃপণ হয়, তবে সে সামাজিকভাবে নিন্দিত হয়; আর যদি সে সীমাহীনভাবে খরচ করে, তবে সে নিজেই নিঃস্ব হয়ে যায়।
অন্য আয়াতে (সুরা ফুরকান, ২৫:৬৭) আল্লাহ তাআলা মুমিনদের বিশেষ গুণ হিসেবে তুলে ধরেছেন:
“যারা খরচ করার সময় অপচয় করে না এবং কৃপণতাও করে না; বরং তাদের ব্যয় এ দুয়ের মধ্যে ভারসাম্যপূর্ণ হয়।”
অপচয় ও কৃপণতার পরিণতি
ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান নীতি হলো সম্পদের সুষম বণ্টন। কোরআনের নির্দেশনা অনুযায়ী, সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, যা সঠিকভাবে ব্যয় করা প্রতিটি মানুষের দায়িত্ব। এই দৃষ্টিভঙ্গি সম্পদকে কেন্দ্র করে গড়ে ওঠা লোভ-লালসা ও অহংকারকে নিয়ন্ত্রণ করে।
পবিত্র কোরআনে অপচয়কারীদের সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে:
“নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই; আর শয়তান তার প্রতিপালকের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ।”
অন্যদিকে কৃপণতা মানুষের অন্তরে হীনতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়, যা শেষ পর্যন্ত আত্মিক ও সামাজিকভাবে ক্ষতির কারণ হয়। পবিত্র কোরআনের সুরা নিসার ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে: “যারা কৃপণতা করে এবং মানুষকেও কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ যা নিজ অনুগ্রহে তাদেরকে দিয়েছেন তা গোপন রাখে… তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।”
পরিবার ও সমাজে ব্যয়ের গুরুত্ব
ইসলাম শুধু কৃপণতা ও অপচয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দেয়নি, বরং ব্যয়ের অগ্রাধিকারও নির্ধারণ করে দিয়েছে। সুরা বনি ইসরাইলের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন:
“আত্মীয়-স্বজনকে তাদের প্রাপ্য দাও, অভাবগ্রস্ত ও মুসাফিরদেরও; আর অপচয় করো না।”
এই আয়াতে ব্যয়ের অগ্রাধিকার স্পষ্ট: নিকটাত্মীয়, গরিব-অসহায় ও মুসাফিরদের অধিকার আদায় করা আবশ্যক। ইমাম আল-শাওকানি তার তাফসির ‘ফাতহুল কাদির’-এ উল্লেখ করেছেন যে, ব্যক্তির নিজের ও পরিবারের প্রয়োজন মেটানোর পরই অন্যকে দেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যয়ের ক্ষেত্রে প্রাথমিক প্রয়োজন (দারুরিয়াত) পূরণের পর অন্য খাতে খরচ করা উচিত, যা ইসলামী অর্থনীতির একটি মৌলিক নীতি।
সমকালীন প্রয়োগ
আধুনিক বিশ্বে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও গ্রাহক সংস্কৃতির প্রভাবে অনেকেই আর্থিক অসংযমের শিকার হচ্ছেন। ইসলামের এই মধ্যপন্থার শিক্ষা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে ব্যয়ের ভারসাম্য রক্ষা করা যেমন মানসিক শান্তি আনে, তেমনি সমাজে অর্থনৈতিক বৈষম্যও কমিয়ে আনে।
আমাদের উচিত, নিজেদের আয় ও ব্যয়ের হিসাব রাখা, প্রয়োজন ও বিলাসিতার পার্থক্য বুঝতে পারা এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী থেকেও আমরা সুষম ব্যয়ের উদাহরণ পাই, যেখানে তিনি সম্পদকে ইবাদতের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, বিলাসিতা ও অপচয় থেকে বিরত থেকেছেন এবং প্রয়োজনে দান-সদকায় উদারতা দেখিয়েছেন।
পরিশেষে, কোরআনের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে, সার্থক জীবনযাপনের চাবিকাঠি হলো সবকিছুতেই মধ্যপন্থা অবলম্বন করা আর্থিক, সামাজিক এবং আধ্যাত্মিক সকল ক্ষেত্রে। কৃপণতা যেমন আল্লাহর নিকট অপ্রীতিকর, তেমনি অপচয়ও শয়তানের পথ। ন্যায়সঙ্গত ও সুষম ব্যয়ের মাধ্যমে আমরা যেমন নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তেমনি সামাজিক দায়িত্বও পালন করতে পারি।