×
×
Tuesday, 27 October, 2026, 5:56 pm


১৩১ কোটি টাকার মাদক ও পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৭৩ জন

সীমান্তে ১১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও চোরাচালানি পণ্যসহ আনুমানিক ১৩১ কোটি ২৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬০টি মামলা করা হয়েছে।
বিজিবির অভিযানে একটি এসএমজি, দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ১ দশমিক ৩১৮ কেজি স্বর্ণ এবং কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তের সাতটি পয়েন্টে সাতটি ঘটনায় ১০৭ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। একই সময়ে ১৫ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭৯৫ কেজি রাসায়নিক ও জৈব সারও উদ্ধার করা হয়েছে। এসব সারের আনুমানিক মূল্য ৫৪ হাজার ৩০০ টাকা। সার চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৭৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামে দুই, রাজশাহীতে পাঁচ ও রংপুরে তিন প্লাটুনসহ মোট ১০ প্লাটুন মোতায়েন করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোতায়েন করা হয় ৪৪৫ প্লাটুন বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরও