নবী (সাঃ), এর অনুসরণ মানে কি কেবলই প্রচলিত ধারণা, নাকি ওহীর আনুগত্য?
লেখক ও গবেষকঃ বারাকাতুল্লাহ
আমরা কি কখনো ভেবে দেখেছি, স্বয়ং রাসূলুল্লাহ (সাঃ), কিসের অনুসরণ করতেন? আমাদের সমাজ ও হুজুরদের বয়ানে অনেক সময় কুরআনের চেয়ে অন্যান্য বিষয়ের প্রাধান্য বেশি দেখা যায়। কিন্তু আল্লাহ কুরআনে বারবার যা বলেছেন, তা কি আমরা লক্ষ্য করছি?
১. রাসূল (সাঃ), কিসের অনুসরণ করতেন?
আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্ট করে দিয়েছেন যে, রাসূল (সাঃ) কেবল ওহীর (কুরআন) অনুসরণ করতেন:
বল, আমিতো তারই অনুসরণ করি, যা আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে ওহীরূপে প্রেরণ করা হয়। (সূরা আরাফ: ২০৩)
আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। (সূরা আনআম: ৫০)
বল, আমার নিজের পক্ষ থেকে এতে কোন পরিবর্তনের অধিকার নেই। আমিতো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহীর অনুসরণ করি। (সূরা ইউনুস: ১৫)
২. আল্লাহ কি শুধু কুরআন অনুসরণের নির্দেশ দিয়েছেন?
কুরআনে বারবার এসেছে যেন আমরা আল্লাহর নাজিলকৃত কিতাবের বাইরে অন্য কিছুর অনুসরণ না করি:
তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অনুসরণ কর, তা ছাড়া অন্য আউলিয়াদের (হুজুর,আলেম, অভিভাবক,পীর, পাদ্রী দের) অনুসরণ করো না। (সূরা আরাফ: ৩)
আর অনুসরণ কর উত্তম যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে। (সূরা আয-যুমার: ৫৫)
৩. কুরআন কি আমাদের জন্য যথেষ্ট নয়?
অনেকে মনে করেন কুরআন বোঝার জন্য বা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে অন্য কিছুর মুখাপেক্ষী হতে হবে। কিন্তু আল্লাহ প্রশ্ন করেছেন:
এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে, আমি তোমার নিকট কিতাব অবতীর্ণ করেছি যা তাদের নিকট পাঠ করা হয়? (সূরা আনকাবুত: ৫১)
৪. উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়ার পরিণাম
আল্লাহর আয়াত শোনার পর যারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের সম্পর্কে আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন:
তার চেয়ে বড় যালিম আর কে, যাকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেয়া হয়, অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? (সূরা সাজদাহ: ২২)
আমাদের বাস্তবতা:
আজ আমরা কুরআনকে কেবল সুর করে পড়ার বা মৃত ব্যক্তির আত্মার মাগফেরাতের জন্য পড়ার কিতাব বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ বলছেন:
এটি নাজিল করা হয়েছে জীবিতদের সতর্ক করার জন্য। (সূরা ইয়াসিন: ৭০)
আমরা গীবত, অহংকার, দৃষ্টির হেফাজত কিংবা অন্যের গোপন বিষয় অনুসন্ধানের মতো স্পষ্ট পাপগুলোতে জড়িয়ে পড়ছি, কারণ আমরা কুরআনের বিধান থেকে দূরে সরে গিয়েছি। রাসূল (সাঃ) কুরআন মেনে চলেছেন, আর আমরা সেই পথ ছেড়ে মানুষের লেখা বা প্রচলিত মতবাদে আটকে আছি।
রাসূল (সাঃ), এর প্রকৃত অনুসরণ মানেই হলো তিনি যেভাবে ওহী বা কুরআনের প্রতিটি বিধান নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, আমরাও যেন তাই করি। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরাই হোক আমাদের মুক্তির পথ।
আসুন, অন্ধ অনুকরণ ছেড়ে আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা করি।