মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে স্বীকারোক্তিকারী রাজিব আটক
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায় স্বীকার করে পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে একজনকে আটক করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, রোববার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজিবের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি উত্তরার ওই এলাকায় বসবাস করছিলেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, মিরপুরে আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে রাজিব ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় নির্দিষ্ট মামলা থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার দায় স্বীকার করে পোস্ট দেওয়া হলে পুলিশ তাকে শনাক্ত করে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটকের পর আইনগত প্রক্রিয়া চলছে।