×
×
Thursday, 29 October, 2026, 11:16 am


ম্যানুয়াল চালান বন্ধ: ১ জুলাই থেকে পুরোপুরি ‘এ-চালান’ পদ্ধতি বাধ্যতামূলক

সরকারি আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী ১ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হচ্ছে ম্যানুয়াল চালান পদ্ধতি। ওই তারিখ থেকে সরকারের সব ধরনের রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি শতভাগ ‘এ-চালান’ (ইলেকট্রনিক চালান) পদ্ধতিতে জমা দিতে হবে।

সম্প্রতি অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, সরকারের সব অর্থ ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের (টিএসএ) আওতায় আনতে হবে। এ-চালান ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় টাকা নেওয়া বা জমা রাখা যাবে না।

ছিটিয়ে থাকা অর্থই জটিলতার কারণ

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কিছু সরকারি দফতর এখনও পুরোনো ম্যানুয়াল কোড ব্যবহার করে রাজস্ব জমা দিচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকে আলাদা হিসাব খুলে সরকারি অর্থ সংরক্ষণ করছে। এর ফলে সরকারের প্রকৃত নগদ অর্থের সঠিক হিসাব নিরূপণে জটিলতা তৈরি হচ্ছে।

অর্থ বিভাগের অভিমত, বিভিন্ন ব্যাংকে সরকারি অর্থ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রয়োজনের সময় তা ব্যবহার করা সম্ভম হচ্ছে না। এ অবস্থায় সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে।

৩০ জুনের মধ্যে সব অর্থ টিএসএতে স্থানান্তর

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে সরকারি দফতরগুলোর বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত সব অর্থ এ-চালান ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সরকারের টিএসএ হিসাবের আওতায় স্থানান্তর করতে হবে।

স্বচ্ছতা বাড়বে, কমবে সুদ ব্যয়

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি নগদ অর্থের তাৎক্ষণিক ও সঠিক হিসাব পাওয়া সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে সরকারের ঋণের সুদজনিত ব্যয়ও কমে আসবে।

সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক ও আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

[atn_photocard]
আরও