পরোক্ষ করের অতিনির্ভরশীলতা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে: অর্থনীতিবিদরা
দেশের করকাঠামোতে পরোক্ষ করের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা অর্থনীতিতে নানা নেতিবাচক প্রভাব তৈরি করছে। অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা বলছেন, প্রত্যক্ষ করের পরিধি বাড়ানো ও কর প্রশাসনে স্বচ্ছতা না আনলে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভারসাম্যহীনতা আরও প্রকট হবে।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত গোলটেবিল আলোচনায় ‘পরোক্ষ করের ওপর অতিনির্ভরশীলতা ও অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন এমএমসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া। তিনি জানান, পরোক্ষ করের পুরো চাপ সাধারণ মানুষের ওপর বর্তায়। একজন রিকশাচালক ও একজন কোটিপতি ব্যবসায়ী সমান হারে এই কর দিচ্ছেন। বর্তমানে পরোক্ষ করের হার প্রায় ৬৫ শতাংশে পৌঁছেছে, তবে বাস্তবে তা প্রায় ৮০ শতাংশ বলে মন্তব্য করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ।
উৎসে কর (টিডিএস) নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্নেহাশীষ বড়ুয়া বলেন, টিডিএসের চাপ কোম্পানিগুলো পণ্যের দাম বাড়িয়ে পুষিয়ে নিচ্ছে। এর প্রভাবে সেবা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অর্থ দেশে না এনে বিদেশে জমা রাখতে পারে।
মাসরুর রিয়াজ আরও বলেন, সরকার বর্তমানে অর্থসংকটে রয়েছে। এ অবস্থায় প্রত্যক্ষ কর বাড়িয়ে রাজস্ব আদায় জরুরি, পরোক্ষ কর কমানো উচিত। তিনি করনীতিকে বৈষম্য কমানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর জোর দেন।
ইউনিলিভার বাংলাদেশের সাবেক হেড অব ট্যাক্স সাইদ আহমেদ খান মনে করেন, এ পর্যন্ত সংস্কার ভোক্তা পর্যায়ে তেমন সুফল বয়ে আনেনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা জানান, রাজস্ব ঘাটতি মেটাতে নানা খাতে কর আদায় করা হলেও অতিরিক্ত আদায় ফেরত দেওয়ার পোর্টাল কার্যকর নয়। ৪০০ কোটি টাকা ব্যয়ে কর আধুনিকায়ন শুধু রিটার্ন জমার মধ্যেই সীমাবদ্ধ।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দেশে ব্যবসা করা এক ধরনের শাস্তি, পুরো ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ ফরিদউদ্দিন ভ্যাটের একাধিক হারের কাঠামো সংস্কারের পরামর্শ দেন। তিনি অন্তর্বর্তী সরকারের সময় করা দুটি প্রতিবেদন অনুসরণের ওপর জোর দেন।
বক্তারা বলেন, পরোক্ষ করের চাপ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর গিয়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে। তারা করজাল সম্প্রসারণ, ডিজিটাল করব্যবস্থা চালু ও নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন।