আবারও বেড়েছে ফার্নেস অয়েলের দাম, বাড়তি চাপ জ্বালানি খাতে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফের ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সায়।
সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন এই মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ১২ এপ্রিল লিটারপ্রতি ২৪ টাকা বাড়িয়ে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। সে সময় আগের দর ছিল ৭০ টাকা ১০ পয়সা।
বিইআরসি জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের এফওবি মূল্য ও ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় এ দাম সমন্বয় করা হয়েছে। ১৮ মে বিশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
উল্লেখ্য, ফার্নেস অয়েলের দাম সমন্বয়ে গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করে বিইআরসি। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে প্লাটস রেট ও ডলারের বিনিময় হার দেখেই মূল্য পুনর্নিধারণ করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েলের ব্যবহার সবচেয়ে বেশি। তাই এই জ্বালানির দাম বৃদ্ধিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন খরচ বাড়বে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর প্রভাব ভবিষ্যতে বিদ্যুতের দামেও পড়তে পারে।