বিদায়ের পথে অন্তর্বর্তী সরকার, রেখে যাচ্ছে সাড়ে ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ
দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানো সম্ভব।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ছিল। সরকারের ধারাবাহিক পদক্ষেপের ফলে ধাপে ধাপে ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং রিজার্ভ বৃদ্ধি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শফিকুল আলম বলেন, “বর্তমান রিজার্ভের পরিমাণ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক। এই অবস্থায় আমরা দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছি, যা আগামী সরকারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।”
মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও প্রশাসনিক সংস্কার, আইনগত কাঠামো শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে অন্তর্বর্তী সরকার অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কারে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে, যা দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছে।