কোরআন অধ্যয়নের গুরুত্ব ও তাৎপর্য: অর্থ বুঝে জীবন গঠনের আবশ্যকতা
আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েত বা পথনির্দেশের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। এটি শুধু বরকত ও তিলাওয়াতের কিতাব নয়; বরং এটি মানবজীবনের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। কোরআন অধ্যয়নের মূল লক্ষ্য হওয়া উচিত এর গভীর অর্থ ও ভাব উপলব্ধি করে তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা। নিছক তিলাওয়াতের অনুষ্ঠানিকতা অতিক্রম করে কোরআনের নির্দেশনা বুঝে চলাই প্রকৃত মুমিনের কর্তব্য।
কোরআন কেন অধ্যয়ন করব?
কোরআন অধ্যয়নের মূল উদ্দেশ্য হলো:
১. আল্লাহর বিধান জানা: কোরআন কী বলছে, তা না বুঝলে সেই অনুযায়ী জীবন গঠন সম্ভব নয়।
২. চিন্তা ও গবেষণা করা: কোরআন বারবার চিন্তা-গবেষণার জন্য আহ্বান জানিয়েছে।
৩. জীবনে প্রতিফলন ঘটানো: জ্ঞান অর্জনের চূড়ান্ত লক্ষ্য হলো আমল বা কাজে পরিণত করা।
অর্থ না বুঝে পড়ার ফলাফলঃ
যদি আমরা বছরের পর বছর শুধু আরবি উচ্চারণে কোরআন তিলাওয়াত করি কিন্তু এর অর্থ ও মর্ম না বুঝি, তাহলে আমাদের জীবন ও কোরআনের মধ্যে একটি ব্যবধান থেকে যায়। এর ফলে কোরআন আমাদের চরিত্র, আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না। এটি কেবল একটি অভ্যাসে পরিণত হয়, যা প্রকৃত হেদায়েত থেকে দূরে রাখে।
কোরআনের দৃষ্টিভঙ্গি: না বোঝার পরিণামঃ
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে সতর্ক করেছেন:
“আর আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বহু জিন ও মানুষ; তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না এবং কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না; তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং আরও নিকৃষ্টতর।” (সূরা আল-আরাফ: ১৭৯)
এই আয়াত আমাদের স্পষ্ট বার্তা দেয় যে, জ্ঞান ও উপলব্ধি ব্যবহার না করা মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে দিতে পারে। কোরআন পড়ে শুধু ধ্বনি উচ্চারণ করলে সেই উপলব্ধি জন্মায় না।
নিজ ভাষায় কোরআন অধ্যায়নের প্রয়োজনীয়তাঃ
আমরা যেহেতু আরবি নেটিভ স্পিকার নই, তাই শুধু আরবি শিক্ষার পাশাপাশি আমাদের নিজ মাতৃভাষায় কোরআনের অর্থ সহ বুঝে অধ্যায়ন করা জরুরি। নিজ ভাষায় পড়লে:
▶️ আল্লাহর নির্দেশনা হৃদয়ঙ্গম করা সহজ হয়।
▶️ বিধি-নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে সুবিধা হয়।
▶️ আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম হয়।
কোরআন বোঝার মাধ্যমেই আল্লাহর নৈকট্য
কোরআন বোঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রধান পথ। যখন আমরা বুঝতে পারি কেন আল্লাহ কোনো নির্দেশ দিয়েছেন, তখন সেই নির্দেশ পালনে আমাদের মন ও আত্মা সায় দেয় এবং ইবাদতে প্রকৃত স্বাদ আসে।
শুধু রমজান নয়, সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্কঃ
রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন অধ্যয়নের বিশেষ ফজিলত রয়েছে। কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সারা বছরই আমাদের নিয়মিতভাবে কোরআন বুঝে পড়া এবং তা নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত।
তাই পবিত্র কোরআন জীবনের জন্য আলোকবর্তিকা। এর আলোয় আলোকিত হওয়ার জন্য শুধু তিলাওয়াত যথেষ্ট নয়; প্রয়োজন গভীর জ্ঞান ও অনুধাবন। আমাদের উচিত নিজ নিজ মাতৃভাষায় কোরআন অধ্যায়নের মাধ্যমে আল্লাহর বিধানগুলো আত্মস্থ করা এবং সারা জীবন তা বাস্তবায়নের প্রচেষ্টা চালানো। তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং সে অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন।