প্রাইম ব্যাংকের ৩১তম এজিএম বার্ষিক সভা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২১ মে ২০২৬ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ অনুমোদন করেছেন।
ডিজিটাল মাধ্যমে আয়োজিত এই সভায় মোট ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন এবং সভার কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপ্ত অর্থবছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে বক্তব্য রাখেন। পুরো সভাটি পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব নেয়ামুল হক এফসিএস। এ সময় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও নিরীক্ষকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, যেসব তালিকাভুক্ত কোম্পানি ধারাবাহিকভাবে পাঁচ বছর ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করে, তারাই কেবল ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের অনুমতি পায়। প্রাইম ব্যাংক সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরের বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন করেছে।
#অর্থনীতি #বিডি_নিউজ