×
×
Tuesday, 3 November, 2026, 4:43 pm


চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ১৬৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৯ কোটি ২০ লাখ ডলার।

রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি অর্থনীতির বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার।

এদিকে, চলতি বছরের ১ নভেম্বর এক দিনেই দেশে ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ৪৩ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নির্দিষ্ট এই দিনে রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বহিঃখাতের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে।

[atn_photocard]
আরও