এফবিসিসিআই পরিচালনায় ১৬ সদস্যের সহায়ক কমিটি
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালনায় সহায়তার জন্য ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের নেতৃত্বে সংগঠনটির প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জারি করা এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতে সহায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ব্যবসায়ী সমাজের বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। সাতটি চেম্বার অব কমার্স এবং নয়টি জাতীয় পর্যায়ের খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের সভাপতি এতে অন্তর্ভুক্ত হয়েছেন।
চেম্বার ক্যাটাগরি থেকে কমিটিতে রয়েছেন ঢাকা চেম্বারের তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের কামরান টি রহমান, রংপুর চেম্বারের এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।
অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং এফএলএএক্সএর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনায় পরামর্শ ও সহযোগিতা দিতে এই কমিটি কাজ করবে। প্রয়োজন হলে ভবিষ্যতে কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও জানান তিনি।
গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তার দায়িত্বের অন্যতম অংশ হলো নির্ধারিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এফবিসিসিআইয়ের নির্বাচিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়। বর্তমানে প্রশাসকের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।