×
×
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ণ


ওষুধের কাঁচামালে অগ্রিম আয়কর কমিয়ে ৩ শতাংশ করার দাবি

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর (এআইটি) ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার ‘প্রথম আলো’ আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি করেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সিমিন রহমান বলেন, আমদানি পর্যায়ে কাটা ৫ শতাংশ এআইটি এনবিআর থেকে ফেরত পাওয়া যায় না, যা ব্যবসায়িক অযৌক্তিক বোঝা তৈরি করে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিক্রয়ে উৎসে কর (টিডিএস) ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করারও প্রস্তাব দেন তিনি।

তিনি আর্থিক খাতের সংস্কারকে সময়ের দাবি উল্লেখ করে বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করছে, যার প্রভাব ব্যবসায়ীদের ওপর সরাসরি পড়ছে।

কর-জিডিপি অনুপাত বর্তমানে ৬ শতাংশ উল্লেখ করে সিমিন রহমান তা ১৫-২০ শতাংশে উন্নীত করার পরামর্শ দেন। প্রত্যক্ষ ও পরোক্ষ করের অনুপাত সমান করার ওপর জোর দিয়ে তিনি বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। দেশের সব শিল্পের জন্য সুষম ভ্যাট হার প্রস্তাব দেন তিনি।

ওষুধ শিল্পের জন্য বিশেষ কিছু সুপারিশ তুলে ধরেন সিমিন রহমান:

· রপ্তানি উদ্দেশে আমদানি করা কাঁচামালের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক শূন্য করা
· পোশাক খাতের মতো ওষুধ রপ্তানিকারকদের জন্যও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া
· গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ব্যয় সম্পূর্ণ করমুক্ত করা
· ওষুধের স্যাম্পল ও বিপণনে এনবিআরের ০.৫ শতাংশ ব্যয়ের সীমা তুলে দেওয়া

পানীয় শিল্পে বাংলাদেশে মোট করের হার ৫৪ শতাংশ, যা ভারতে ৪০ ও ভিয়েতনামে ২০ শতাংশ উল্লেখ করে তিনি এই খাতে টার্নওভার কর ও সম্পূরক শুল্ক কমানোর অনুরোধ জানান। বোতলজাত পানির ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং চিনির পরিমাণভিত্তিক কর কাঠামো (শুগার ট্যাক্স) চালুর প্রস্তাব দেন তিনি, যা স্বাস্থ্যকর পণ্য বাছাইয়ে উৎসাহিত করবে।

আরও