বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থী ঘোষণা, ভোট ১২ মে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় অভিজ্ঞ ও নতুন—উভয় পর্যায়ের নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মনোনীতদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপি ও তাদের সমমনা জোট সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৩৬টি পাবে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা পাবে ১৩টি আসন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট পাবে একটি আসন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বর্তমান সংসদের ২৯৮ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নেবেন।