×
×
Saturday, 31 October, 2026, 6:16 pm


রমজানের আগেই লেবুর দামে আগুন

নিজস্ব প্রতিবেদক

রমজান শুরু হতে এখনো কিছুদিন বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে লেবুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বর্তমানে অনেক বাজারে ৫০ টাকার নিচে এক হালি লেবু পাওয়া যাচ্ছে না। যে দামে কিছুদিন আগেও এক ডজন লেবু মিলত, এখন সেই টাকায় কিনতে হচ্ছে মাত্র এক হালি।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, শেখেরটেক, আশকোনা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। অর্থাৎ প্রতি পিস লেবুর দাম পড়ছে প্রায় ১২ থেকে ১৩ টাকা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

শুধু লেবুই নয়, শসার দামও বেড়েছে। বর্তমানে কেজিপ্রতি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ফলে ক্রেতাদের আগ্রহ কিছুটা কমে গেছে।

বিক্রেতাদের দাবি, মৌসুম প্রায় শেষের দিকে এবং রমজানকে সামনে রেখে চাহিদা বাড়ার আশঙ্কায় সরবরাহ কমে গেছে। ফলে পাইকারি বাজারেই দাম বেশি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

ক্রেতারা জানান, অল্প সময়ের ব্যবধানে লেবুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। কয়েকদিন আগেও ২০ থেকে ৩০ টাকায় এক হালি লেবু পাওয়া গেলেও এখন গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। দরদাম না মিললে অনেকেই লেবু না কিনেই ফিরে যাচ্ছেন।

রমজানে ইফতারে লেবুর শরবত একটি জনপ্রিয় ও প্রয়োজনীয় পানীয়। তাই আগেভাগেই দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ব্যবসায়ীদের আশঙ্কা, সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে রোজা ঘনিয়ে এলে দাম আরও বাড়তে পারে।

সব মিলিয়ে রমজান শুরুর আগেই লেবুর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা ক্রেতাদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

[atn_photocard]
আরও